নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের আলোচিত ইয়াবা কারবারি মিজান গ্রেফতার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মাদক মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আটক মিজানুর রহমান (২৭) ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়ার মৃত আব্দুল জাব্বারের ছেলে। তার আটকের খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, মিয়ানমারের সীমান্তবর্তী সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী ও আরাকান আর্মির সঙ্গে যোগসাজশের মাধ্যমে তিনি ইয়াবা ব্যবসা চালিয়ে আসছেন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, আটক মিজানুর রহমানের বিরুদ্ধে থানার মামলা নম্বর ২, তারিখ ৩ নভেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা রয়েছে। তাকে ওই মামলায় আটক দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।