| | |

চট্টগ্রাম

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫৪০ টাকা উদ্ধার করেছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নগরের বাকলিয়া থানাধীন নতুন মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরিফ (৩৫), আব্দুল মাহাবুব সুমন (২৯) ও জাহাঙ্গীর আলম (৪২)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন নতুন মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার করা মাদক ও নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. তারেক আহাম্মদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে পুলিশ পরিদর্শক দেবাশীষ চৌধুরী, এসআই মো. রাশেদুল হক আলামিনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নগরের বিভিন্ন এলাকায় অপরাধ ও মাদক কারবার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি