চান্দগাঁওয়ে বাসায় মজুত ২৬ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার রাহাত্তারপুল এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো. জাহেদুল আলম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। গ্রেপ্তার জাহেদুল আলম ওই এলাকার মো. মঞ্জুর আলমের ছেলে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাহাত্তারপুল এলাকার একটি বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, রাহাত্তারপুল জামে মসজিদ গলির সোনাপুকুরের পশ্চিমে নাজের বাপের বাড়ি এলাকার মঞ্জুর বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে গাঁজা মজুত করে বিক্রির জন্য রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই কক্ষ থেকে জাহেদুল আলমকে আটক করা হয়। পরে তার শয়নকক্ষের খাটের পেছনে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।
গ্রেপ্তার জাহেদুল আলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবি-৭-এর সহকারী পরিচালক।