| | |

চট্টগ্রাম

কর্ণফুলীতে তদন্ত কর্মকর্তার পরিচয়ে টাকা দাবি, বাকলিয়ায় মিলল নম্বরের অবস্থান

চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে টাকা দাবির অভিযোগ উঠেছে। মসজিদ উন্নয়ন ও থানার অবকাঠামো উন্নয়নের কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা চাওয়া হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত মোবাইল নম্বরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে নম্বরটির অবস্থান চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় শনাক্ত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক থানায় জিডিটি করেন।

জিডি সূত্রে জানা যায়, ০১৩৫৪-১৬৪২৩১ নম্বর থেকে কর্ণফুলী থানাধীন বিভিন্ন ব্যক্তিকে ফোন করে নিজেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পরিচয় দেওয়া হয়। পরে মসজিদ উন্নয়ন, থানার অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন অজুহাতে তাঁদের কাছে টাকা পাঠানোর অনুরোধ করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, ১৯ নভেম্বর বিকেল ৩টা ২৫ মিনিট ৪৫ সেকেন্ডে নম্বরটির অবস্থান চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন নতুন চাক্তাইয়ের আমানত সিদ্দিক টাওয়ার এলাকায় শনাক্ত হয়।

অন্যদিকে, ব্যবহৃত নম্বরটি জামালপুর জেলার ইসলামপুরের এক ব্যক্তির নামে নিবন্ধিত বলে জানা গেছে। তবে সিমের নিবন্ধিত মালিকই ফোন করে প্রতারণার সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক জানান, এ ধরনের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রতারণার কাজে ব্যবহৃত নম্বরটির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই সঙ্গে কর্ণফুলীর সর্বস্তরের মানুষকে এ ধরনের ফোনকলের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। কোনো থানার কর্মকর্তা মসজিদ বা থানার উন্নয়নের নামে ব্যক্তিগতভাবে এভাবে টাকা দাবি করেন না বলেও উল্লেখ করেন তিনি।

ক্যাটাগরি